The surgeon/দ্য সার্জন -বই রিভিউ
নাম: দ্য সার্জন
লেখক: টেস গেরিটসন
অনুবাদক: সান্তা রিকি
বইয়ের মূল্য: ৩৫০
প্রকাশনী : বাতিঘর প্রকাশনী
পৃষ্ঠা: ৩৩৪
ঘরানা: সাইকোলজিক্যাল থ্রিলার
বইটির শুরুই হয় একজন সাইকোর জবানবন্দি দিয়ে। সে কিভাবে একজন নারীকে নৃশংস ভাবে খুন করে, তার ব্যাপারেই কথা বলে সে। তারপরের দৃশ্য, ওই খুনের ঘটনার ঠিক এক বছর পর। বোস্টন শহর জুড়ে গড়ে উঠে এক পাগলের খুনের খেলা। একের পর এক খুন হচ্ছে শহরে, কেউই জানে না এই খুনের পেছনের মানুষটি কে? মুর একজন ডিটেক্টিভ, সাথে রিজোনা একজন পুলিশ অফিসার। তারা দুজন যুক্ত হয় এই খুনীকে বের করতে। প্রথমে তারা মোটিভ খুঁজতে শুরু করে, কিন্তু হতাশ হতে হয় সেখানে। তারপর শুরু করে অন্য একটা দিক, এই খুনের সাথে মিল আছে দুবছর আগে, সাভানায় চারটা খুনের সাথে। যেখান থেকে একজন নারী বেঁচে ফিরে আসে। কিন্তু আশ্চর্য ভাবে ডিটেক্টিভরা আবিষ্কার করে, ঐ খুনী শেষ খুনটা করার সময় শিকারের হাতে মারা যায়। তাহলে তার ওই নিয়ম কি করে সে জানতে পারলো? ওই চারটা খুনের কোনো তথ্যই পুলিশ বের করতে পারেনি।
তারপর তারা ছুটে যায়, বেঁচে থাকা সে নারীর কাছে। ক্যাথরিন,যে কিনা বেঁচে ফিরে আসে ওই খুনীর হাত থেকে।
খুনী খুব সুন্দর করে মানে একেবারে সার্জনের মতোই খুন গুলো করে থাকে। যার কারনে তাকে বলা হয় সার্জন। সবাই বুঝতে পারে এই খুনী একজন সার্জন এবং খুব ভালো ভাবেই সে তার কাজটা করতে পারে। অন্তত তার খুনের ধরণ দেখে ডিটেক্টিভরা তাই মনে করে।
এমন করেই গল্প এগিয়ে যায়, এক এক করে বের হতে থাকে রহস্য। যেন প্রতিটা পাতাতেই এক একটা রহস্য। যেমন আছে প্রেম এবং সুন্দর কিছু মুহূর্ত তেমনি আছে প্রচুর কাটা ছেঁড়ার বর্ণনা।
আপনি কেন পড়বেন ?:
যদি আপনি মেডিকেলের শিক্ষার্থী হয়ে থাকেন, তবে আপনার জন্য অবশ্যই এটা পড়ার মতো বই। দারুন সব ব্যাপার তুলে ধরা হয়েছে। আর যারা থ্রিলার বই পছন্দ করেন তাদের জন্য এর থেকে ভালো বই হতে পারে না। যেমন কাটাছেঁড়া আছে, তেমনি আছে রহস্য আর ভাববার মতো বিষয়।
প্রতিটা চরিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন লেখিকা। তার থেকে বড় বিষয় সে তাঁর লেখায় প্রতিটা বিষয় খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন। যা একজন লেখক/ লেখিকার জন্যে খুব দরকার। প্রতিটা অপরাধ/খুনের দৃশ্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন সেই লেখিকা।
সব মিলিয়ে দারুন একটা বই বলা যায় কিন্তু সব তো আর একবারেই নির্ভুল হয়না। রিজোলির ব্যাপারটা খুবই বিরক্তিকর লেগেছে। লেখিকা হয়তো এই চরিত্রটা নিয়ে খুব টানাপোড়েনে ছিলেন। একবার তাকে বোকা / হিংসুক দেখাচ্ছেন আবার অন্য জায়গায় তাকে নায়িকা করে দিচ্ছেন। তাই এই জায়গাটা খুবই বিরক্তিকর ছিল।
আমার কথা:-
অনুবাদকের কথাই ধরা যাক প্রথমে, কিছু জায়াগায় বানান অনেক ভুল ছিল। যা খুব বিরক্তিকর। যদিও আমি বানান ভুল নিয়ে তেমন ঘাঁটাঘাঁটি করি না। কিন্তু এখানে বেশিই চোখে পড়বে। ইংরেজির একটু বেশি ব্যবহার হয়েছে যদিও ডাক্তারি ভাষার জন্য সেটাকে তেমন গুরুত্ব না দিলেও হয়। মানে আমি আরও ভালো কিছু আশা করে ছিলাম।
বইটার শেষটা আরও দারুন ভাবে শেষ করতে পারতেন লেখিকা । পুরো বইটাতে এত দারুন খেলা দেখিয়েছেন এবং শেষে এসে কি সব একটা মিল হল! আলগা চুল হয় ফাইবারের, তাই সেখানে তো মানুষের তন্তু আসার কথা নয়। তাছাড়া যে বাড়িটায় হামলা করেছে, রিজোলিন সেখানেই এমন ভাবে পৌঁছে গেল যেন এটা একটা খেলা। সিরিয়াসলি!
এই কয়েকটা জায়গা ছাড়া আমার কাছে সবটা বই দারুন ছিল।
সময় থাকলে পড়ে নিতে পারেন।
গুণমান নির্ধারন:-
অনুবাদ - ৭.৫/১০
বই -৮.৫/১০
ধন্যবাদ।

0 Comments